কার্ডের গণতন্ত্র দিয়ে ৭০ শতাংশের রায় বিভ্রান্ত করা যাবে না: মামুনুল হক

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

by Master Fatih
কুমিল্লার পদুয়ারবাজারে লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ>>

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে জনগণের ম্যান্ডেট ও গণরায় কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি সতর্ক করে বলেছেন, জনগণের রায় বাস্তবায়নে বাধা দেওয়া হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আল্লামা মামুনুল হক বলেন, “জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে।”

তিনি বলেন, “জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু যদি ৭০ শতাংশ জনগণের গণভোটের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ধারাবাহিকতা অব্যাহত রাখেন, আপনাদের পরিণামও ওইসব ফ্যাসিবাদী সরকারের মতো হবে, যারা জনগণের ম্যান্ডেটকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।”

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার আমার ভয় হচ্ছে—ফ্যাসিবাদী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ শুরু করেছে।”

শেখ হাসিনার সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, তিনি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ‘উন্নয়নের গণতন্ত্র’–এর কথা বলতেন। তার ভাষ্য, সেই সময়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার এবং বিভিন্ন নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের নামে মেগা প্রকল্প ও দুর্নীতি হয়েছে।

নতুন সরকারের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “আজকে নতুন সরকার জনগণকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে। আর মনে করছে, এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড দিয়েই তারা জনগণের ম্যান্ডেট এবং জনরায়কে কিনে ফেলতে পারবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র দিয়ে যেরকম বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হয়নি, ঠিক মাত্র কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ৭০ শতাংশ জনরায়কে বিভ্রান্ত করার চেষ্টা করেন, সর্বশেষ এ দেশের মানুষ আপনাদের লাল কার্ড দেখাতে বাধ্য হবে।”

চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, “দ্বিতীয় রাউন্ড চলছে। এই বছরের শেষ পর্যন্ত এই দ্বিতীয় রাউন্ড চলবে। আমরা বলছি, আমাদের এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন।”

তিনি সতর্ক করে বলেন, “যদি আন্দোলনের সঙ্গে সরকার অসদাচরণ করার চেষ্টা করে, জনগণের ভাষা যদি শেষ পর্যন্ত সরকার বুঝতে ব্যর্থ হয়, জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে, ইনশাআল্লাহ।”

আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানান আল্লামা মামুনুল হক।

banner

এ জাতীয় আরো সংবাদ