শুধু কার্ডের প্রতিশ্রুতি নয়, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান করতে হবে আল্লামা মামুনুল হক

যাত্রাবাড়ীর নাগরিক সমাবেশে মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি নয়, জনগণ চায় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ।

by Master Fatih
যাত্রাবাড়ীর নাগরিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক
নিজেস্ব প্রতিবেদক। হুদহুদ নিউজ

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা ঢাকার ঐতিহাসিক দনিয়া কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক জীবনের বিভিন্ন দুর্ভোগের প্রতিবাদ, সমস্যা সমাধানের দাবি এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার কথা বলছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট থাকবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু জনগণের প্রত্যাশা শুধু কার্ড নয়; তারা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং জনদুর্ভোগের বাস্তবসম্মত সমাধান চায়।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা যাবে না। জনগণের সেবা করার পাশাপাশি তাদের ম্যান্ডেট ও গণরায়ের প্রতিও সম্মান দেখাতে হবে। অতীতে ভোটাধিকার উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার যে পরিণতি হয়েছে, বর্তমান সরকারকে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

একই দিনে একই ভোটকেন্দ্রে অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ তাদের মতামত দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সরকারের সম্মান দেখানো দায়িত্ব। সেই রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক বা সাংবিধানিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু সংবিধান সংশোধন করলেই হবে না; প্রয়োজন কাঠামোগত ও কার্যকর সংস্কার। বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণআন্দোলনে নিহতদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। গণরায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে রাজপথে থাকবে বলেও মন্তব্য করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মামুনুল হক বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জনগণের স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের মর্যাদাকে উপেক্ষা করে কোনো সম্পর্ক গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনে বিচার নিশ্চিত করা বাংলাদেশের অধিকার বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী। ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর ও যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ অনুষ্ঠান পরিচালনা করেন।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

banner

এ জাতীয় আরো সংবাদ