নেপালে আকস্মিক বন্যায় মৃত ৯৫, তিব্বত সীমান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞ

হঠাৎ পানির প্রবল স্রোতে ভেসে গেছে গ্রাম, সড়ক ও বিভিন্ন স্থাপনা; নিখোঁজ কয়েক শ পর্যটক

by ABDUR RAHMAN
নেপালে আকস্মিক বন্যায় মৃত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

নেপালে আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তিব্বত সীমান্তবর্তী এলাকায় হঠাৎ পানির প্রবল স্রোত নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ ঘটনায় কয়েক শ পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক থাকার কথা জানা গেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে আচমকা পানির উচ্চতা বেড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিব্বতের দিক থেকে বিপুল পরিমাণ পানি নেমে আসার কারণেই নদীতে এই আকস্মিক প্রবল স্রোতের সৃষ্টি হয়।

পানির তোড়ে নেপালের রাসুয়া জেলার তিমুর এবং এর কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থাপনা, যানবাহন, পণ্যসামগ্রীসহ বিপুল সম্পদ ভেসে যায়।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে নেপাল সরকার। নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং বিশেষ দুর্যোগ মোকাবিলা দল উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজও চলছে।

এদিকে বন্যার ভয়াবহতার কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে এসেছে। চীনা সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে তিব্বত-নেপাল সীমান্তের ব্যস্ত গাইরং পোর্ট এলাকায় পানির ভয়াবহ স্রোত দেখা যায়।

নেপালে আকস্মিক বন্যায় মৃত ৯৫

 

ভিডিওতে দেখা যায়, উঁচু ঢেউয়ের মতো পানির প্রবল স্রোত মুহূর্তের মধ্যে বন্দর এলাকার দিকে ধেয়ে আসছে। বহুতল ভবন, সড়ক ও দাঁড়িয়ে থাকা বাসসহ বিভিন্ন স্থাপনা পানির তোড়ে তলিয়ে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা পানির নিচে চলে যায়।

অন্য একটি ভিডিওতেও আকস্মিক বন্যার ভয়াবহ চিত্র দেখা গেছে। সেখানে পানির প্রবল স্রোত একটি বড় বহুতল ভবনকে গ্রাস করে ফেলতে দেখা যায়। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

গাইরং পোর্টটি নেপালের রাসুয়া জেলা ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বাণিজ্যিক ও যাতায়াতের দিক থেকে গুরুত্বপূর্ণ এই এলাকায় বন্যার আকস্মিক আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, পানির প্রবল স্রোতে যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ ভেসে গেছে। নিখোঁজ পর্যটকসহ ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ