আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পর অবশেষে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র সৌরভ দাশ। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।
সিজেপির দাবি, কেন্দ্রীয় সরকার তাদের উত্থাপিত অধিকাংশ দাবি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে। সরকারের আশ্বাসের প্রতি আস্থা রেখেই ‘সদিচ্ছা’ থেকে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
যৌথ সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। পাশাপাশি নিট প্রশ্নফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিহত শিক্ষার্থীদের পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি না করার আশ্বাসও দিয়েছে সরকার।
সংগঠনটি আরও জানিয়েছে, তাদের প্রস্তাবিত পাঁচ দফা পরীক্ষা সংস্কার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকার গুরুত্বসহকারে আলোচনা করবে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নিতে দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।
আন্দোলনের আরেক মুখপাত্র আশুতোষ রঙ্কা বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি পাওয়ায় এখন আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার সময় এসেছে। তিনি সবাইকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনস্থল ত্যাগের আহ্বান জানান।
এর আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সিজেপি জানিয়েছিল, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবির মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং পাঁচ দফা পরীক্ষা সংস্কার বাস্তবায়ন।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ক্ষতিপূরণের পরিমাণ এবং পুলিশের ক্ষমা চাওয়ার বিষয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসবে সিজেপির প্রতিনিধিদল।
নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতজুড়ে শিক্ষার্থী আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ ইস্যুতে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন, অভিভাবক এবং নাগরিক সমাজ স্বচ্ছ তদন্ত ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আসছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে এবং পরীক্ষা পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।
সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

