আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ধর্মীয় পর্যটন ও দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এই ভিসা ৩৬৫ দিন বা এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে ভিসাধারীরা নির্ধারিত সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের ‘সৌদি ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় পর্যটনের পাশাপাশি দেশটির পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসাধারীরা প্রতিবার সৌদি আরবে প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে প্রতিবার প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে নির্ধারিত প্যাকেজ গ্রহণ করতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহ পালনের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, শুধু বৈধ ভিসা থাকলেই হবে না, ওমরাহ পালনের ক্ষেত্রে নির্ধারিত ডিজিটাল অনুমোদনও নিতে হবে।
তবে হজ মৌসুমে এই ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না। আরবি মাস জিলকদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ওমরাহ ভিসার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ে এই ভিসা দিয়ে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
সৌদি সরকারের নতুন এই উদ্যোগকে দেশটির পর্যটন খাত সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভিশন ২০৩০-এর আওতায় সৌদি আরব ধর্মীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের ভিসা ও ভ্রমণ সুবিধা সম্প্রসারণ করছে।
নতুন ভিসা ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ও পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আবাসন, পরিবহন, পর্যটন সেবা ও অন্যান্য সংশ্লিষ্ট খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
আর/

