অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য, মহানগর বিএনপির তথ্য সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন (১৮) বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়।
মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন সিফাত। দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ কয়েকজন নেতা ঘটনাস্থলে যান। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এর কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতা ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন ফারুক হোসেন। তার দাবি, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ২২ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। জুলাই আন্দোলনের সময়ও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
ফারুক হোসেনের অভিযোগ, তার ছেলে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তার ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা ফারুক হোসেন আরও দাবি করেন, আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার কারণে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে দল থেকে সরানোর চেষ্টা করছে।
তবে বগুড়া মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আশিক আশরাফ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে যাওয়ার অভিযোগে ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মহানগর ও জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো থেকে বহিষ্কার করা হয়েছে।
আর/

