নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্টের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার বেলা ১১টায় মামুনুল হকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ, চলমান সহযোগিতা অব্যাহত রাখা এবং পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের ভিত্তিতে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠকে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।
এ সময় বাংলাদেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতনতা, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।
আর/

