অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর বিভিন্ন এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিক্ষোভে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সড়কে নেমে আসেন। বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেকেই চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই আবহাওয়াজনিত কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

আন্দোলন ঘিরে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে সড়ক অবরোধের কারণে ধানমন্ডি, নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘শিক্ষার্থী ঐক্য’-এর ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরা ছাড়া অন্য কোথাও একই ধরনের কর্মসূচির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মহলের আহ্বান উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের মতে, সব বোর্ডের পরীক্ষা একযোগে স্থগিত করা হলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতির ভিত্তিতে সারা দেশের পরীক্ষা স্থগিত করাও সম্ভব নয়।
আর/

