আলী খামেনির দাফনের পর প্রথম বার্তা, প্রতিশোধের অঙ্গীকার নতুন নেতা মোজতবা খামেনির

বাবাসহ সাম্প্রতিক যুদ্ধে নিহতদের হত্যার বিচার ও প্রতিশোধ নেওয়ার ঘোষণা; শোকানুষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা

by ABDUR RAHMAN
আলী খামেনির দাফনের পর প্রথম বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লিখিত ওই বার্তায় তিনি বাবাসহ সাম্প্রতিক যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় মোজতবা খামেনি বলেন, শহীদ নেতা এবং সাম্প্রতিক সংঘাতে নিহত সব মানুষের রক্তের বিচার নিশ্চিত করা হবে। তার ভাষায়, হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এবং এ প্রতিশ্রুতি বাস্তবায়ন অনিবার্য।

তিনি আরও বলেন, “প্রতিশোধ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। এটি জাতির অঙ্গীকার। আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়িত হবে ।”

মোজতবা খামেনি তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন স্থানে আয়োজিত শোকানুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এসব কর্মসূচিতে জনগণের উপস্থিতিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং এটিকে দেশের ঐক্যের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

আলী খামেনির দাফন উপলক্ষে প্রকাশিত এ বার্তায় তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে তার বাবার নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ইরান নিজেদের অবস্থানে অটল থাকবে। তার মতে, নিহতদের রক্তের বিচার নিশ্চিত করার বিষয়টি জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে।

রাষ্ট্রীয় জানাজা শেষে বৃহস্পতিবার গভীর রাতে মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আলী খামেনি ও নিহত পরিবারের সদস্যদের দাফন করা হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ