অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ এখন আর শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড চায় না, তারা চায় ‘জাস্টিস কার্ড’— এমন একটি ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ দ্রুত ও নিশ্চিত ন্যায়বিচার পাবে।
বুধবার (২০ মে) রাতে কুমিল্লার নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জনগণকে নানা ধরনের কার্ড দিয়েছে। কিন্তু দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। বিচারহীনতার সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে।
সাম্প্রতিক সময়ে আলোচিত শিশু রামিসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আন্দোলন এ জন্য হয়নি যে, আজ একটি সাত বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে হবে এবং তার পরিবার বিচার না পাওয়ার আশঙ্কায় ভুগবে।
তিনি বলেন, যখন কোনো বাবা বুঝে যান যে তিনি সন্তানের জন্য বিচার পাবেন না, তখন সেটি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, পুরো রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায়নি; তারা চেয়েছিল অপরাধমুক্ত সমাজ ও সঠিক বিচারব্যবস্থা।
তিনি অভিযোগ করেন, দেশে এখনো চাঁদাবাজি, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। সাধারণ মানুষ থানায় গিয়েও দালাল চক্রের হয়রানির শিকার হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালগুলোতে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আইসিইউ সংকট রয়েছে, অন্যদিকে চাকরির ক্ষেত্রেও ঘুষ ছাড়া সুযোগ মিলছে না।
তিনি দাবি করেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং বিচারব্যবস্থায় এখনো স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে একদিন জনগণ সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে দেবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটের প্রত্যাশা ছিল পরিবর্তন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আর/

