অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নেওয়া হচ্ছে।
বুধবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা মাঠে আয়োজিত এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার এখন বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে গেছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার ভাষ্য, প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও একদলীয়করণের প্রবণতা বাড়ছে।
বিশ্ববিদ্যালয় নিয়েও সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, তাদের লক্ষ্য তরুণ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে চান যেখানে চাকরি পেতে ঘুষ দিতে হবে না এবং একজন নাগরিকের পারিবারিক বা সামাজিক পরিচয় তার যোগ্যতার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর বা নিম্নআয়ের পরিবারের সন্তান হলেও যেন প্রত্যেক নাগরিক সমান মর্যাদা পায়, সেই বাংলাদেশই তারা গড়তে চান।
পথসভায় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এনসিপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে সরকার গঠন করে মানুষের প্রত্যাশা পূরণ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এদিন কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাতেও এনসিপির পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আর/

