নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি) পরিচালিত বৃহত্তর ঢাকা দক্ষিণ জোন কমিটির সভাপতি এবং নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১০ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নূরানী অঙ্গন ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।
সোমবার (১১ মে) বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে দ্বীনি শিক্ষা অঙ্গন এবং নূরানী তালীমুল কুরআন বোর্ড এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
তিনি আরও বলেন, মরহুম দীর্ঘদিন ধরে বোর্ডের বিভিন্ন সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবদান নূরানী শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে দেশের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, মাওলানা আব্দুল মালেক দীর্ঘ সময় ধরে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

