অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরিচালিত একটি ভূঁইফোঁড় পোর্টালের মনগড়া ও প্রোপাগান্ডামূলক খবরের ওপর ভিত্তি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের রাজনৈতিকভাবে হেনস্তা করা এবং চরিত্রহননের উদ্দেশ্যেই রাষ্ট্রীয় এই সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ছড়ানো কাল্পনিক তথ্যকে সূত্র হিসেবে ধরে দুদকের অনুসন্ধানের এই পদক্ষেপ প্রমাণ করে যে সংস্থাটিকে পুনরায় দলীয়করণ করা হয়েছে। অতীত ফ্যাসিবাদী শাসন আমলের মতো দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার বানিয়ে গণঅভ্যুত্থানকারী শক্তিকে দমানোর অপচেষ্টা চলছে।
নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান, জুলাই সনদের ঘোষিত রূপরেখা অনুযায়ী যদি একটি সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়, তবে যেকোনো তদন্তের মুখোমুখি হতে এবং পূর্ণ সহযোগিতা করতে এনসিপি প্রস্তুত। কিন্তু ছাত্রলীগের ক্যাডারদের অসত্য সংবাদের ওপর ভর করে সাজানো তদন্ত নাটক কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সরকারকে নতিস্বীকার ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এনসিপির নেতারা কঠোর হুঁশিয়ারি দেন। তারা বলেন, নিরপেক্ষতার দোহাই দিয়ে জুলাই বিপ্লবের সংগ্রামীদের ওপর কোনো প্রকার দমন-পীড়ন চালানো হলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

