অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং স্থানীয় বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে।
মারধরের শিকার কনস্টেবল শওকত হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় কর্মরত। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ফিলিং স্টেশনে গিয়ে স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন শওকত হোসেন।
তিনি জানান, এ সময় আব্দুল্লাহ আল রায়হান সেখানে এসে তাকে চলে যেতে বলেন। কনস্টেবল নিজের পরিচয় দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন এবং পরে লাঠি দিয়ে আঘাত করেন।
ওসি আরও জানান, কনস্টেবলের গাল ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। তবে এর আগেই অভিযুক্ত রায়হান সেখান থেকে চলে যান। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে রায়হানের ভাই ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি হামিদ চৌধুরী বলেন, তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং পরে বিস্তারিত জানাবেন।
আর/

