অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশে ভয়ের পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা সংকোচন এবং বিরোধী মত দমনের অভিযোগ তুলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, দেশে আবার এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ভিন্নমত প্রকাশ করা কঠিন হয়ে পড়ছে। ফেসবুকে মত প্রকাশের কারণে হয়রানি ও গ্রেপ্তারের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। তিনি নির্ভয়ে সামাজিক মাধ্যমে লেখার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং “ব্যাকস্পেসের ভয়” ছাড়া মত প্রকাশের স্বাধীনতা চেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অতীতে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সীমিত ছিল “সহমত” প্রকাশের মধ্যে। তিনি প্রকৃত গণতন্ত্রের জন্য “দ্বিমত প্রকাশের স্বাধীনতা” নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি সংসদে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন।
তিনি অভিযোগ করেন, দেশে বিরোধী মত দমনে মামলা, গ্রেপ্তার ও হয়রানির সংস্কৃতি আবার ফিরে এসেছে। এমনকি সমালোচনার কারণে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এটি একটি ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে।
শিক্ষাঙ্গন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো আবারও পুরনো “গেস্টরুম” ও “গণরুম” সংস্কৃতির দিকে যাচ্ছে, যা শিক্ষার্থীদের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে। তিনি বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করা হচ্ছে। মানবাধিকার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন নিয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকারের উচিত জনগণের বাস্তব সমস্যা বুঝে কাজ করা, কারণ এসি রুমে বসে দেশের প্রকৃত চিত্র বোঝা যায় না।
হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক বিভাজন বাড়লে অতীতের সংকটই আবার ফিরে আসবে এবং এতে গণতান্ত্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তিনি সকল রাজনৈতিক পক্ষকে প্রজন্মের ভাষা ও বাস্তবতা বোঝার আহ্বান জানান।
আর/

