‘গুপ্ত’ লেখা কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের ভয়াভহ সংঘর্ষ

গ্রাফিতিকে কেন্দ্র করে উত্তেজনা; দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাসে অচলাবস্থা, ক্লাস-পরীক্ষা স্থগিত

by Master Fatih
ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: হুদহুদ নিউজ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে একদফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসের একটি গ্রাফিতিকে কেন্দ্র করে এই বিরোধের সূচনা। দেয়ালে লেখা ছিল— ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে ছাত্রদলের একাংশ ওই লেখার ‘ছাত্র’ শব্দটি মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয়। ফলে বাক্যটি পরিবর্তিত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার সকালে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানান, সকালের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম স্থগিত থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

কোতোয়ালি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অনেকটা নিষ্ক্রিয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে এবং যেকোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ