জস্ব প্রতিবেদক: হুদহুদ নিউজ
তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকটের প্রতিবাদে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী চরম সংকটে পড়েছে। তারা এটিকে সরকারের দায়িত্বহীন শাসনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের দাবি করা হলেও বাস্তবে ভোক্তারা তেল পাচ্ছেন না, যা অত্যন্ত সাংঘর্ষিক। সংশ্লিষ্ট আমলা ও মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যর্থতার কারণে ডিপোতে তেল থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিবৃতি
তাদের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে দুর্নীতি ও অদক্ষতার মাধ্যমে জনজীবন বিপন্ন করে তুলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমার পরও দেশে এই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সহনশীলতার সীমা পরীক্ষা করা বন্ধ করতে হবে। অবিলম্বে তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং সিন্ডিকেট ভেঙে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
অন্যথায়, জনস্বার্থে বাংলাদেশ খেলাফত যুব মজলিস দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পরিশেষে, দেশের সর্বস্তরের জনগণকে এই অন্যায্য সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

