পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুঁশিয়ারি দিয়েছেন, ভারত ভবিষ্যতে কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালালে পাকিস্তান সেটির পাল্টা জবাব কলকাতায় হামলার মাধ্যমে দিতে পারে।
তিনি বলেন, “ভারত যদি আরেকটি ভুয়া অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”
খাজা আসিফ আরও দাবি করেন, ভারতের সম্ভাব্য কোনো ফলস ফ্ল্যাগ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উপস্থাপন করা হতে পারে।
তিনি বলেন, “প্রায় এক বছর আগে তারা যে অপমানের মুখে পড়েছিল, তা এখনো তাদের তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বজুড়ে, এমনকি তাদের নিজের জনগণও কটাক্ষ করে বলে—জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি ও বিমান বাহিনী—সব দিক থেকেই তারা পাকিস্তানের চেয়ে পাঁচগুণ বড়।”
এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তা নজিরবিহীন ও কঠোর জবাবের মুখে পড়বে।”
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারত সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে চাপে ফেলা হয়েছিল।
খাজা আসিফ আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং যেকোনো পদক্ষেপের জবাব হবে ‘দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়’। তিনি আশা প্রকাশ করেন, চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর/

