দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়েছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
এর আগে দুই দিনের সফরে ঢাকায় এসে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা পল কাপুর দিনজুড়ে একাধিক বৈঠক করেন। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হয়।
এদিকে বৃহস্পতিবার জামায়াতের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন।
সফরের অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর কথাও রয়েছে তার। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত একটি ইফতার মাহফিলেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আর/

