অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ>>
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত মো. শাহিনের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব জানাজায় যাওয়ার আগে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী শাহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, শাহিনকে প্রকাশ্যে হামলা করে গুরুতর আহত করা হয়েছিল। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। অথচ ঘটনার সঙ্গে জড়িতরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষুব্ধ।
এ সময় এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহিন হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বন্দর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে বাদ মাগরিব নিহত শাহিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে শাহিনের ওপর হামলার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে হামলা করা হয়।
গুরুতর আহত শাহিনকে প্রথমে মদনপুরের বারাকাহ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ ও দেওয়ানি মামলার জের ধরে শাহিনের ওপর এ হামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

