শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে। বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।’
তিনি আরো বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। তবে এর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, সেটিও এখন গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।’
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে।
মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যা আছে তাই চলছে।’
তিনি বলেন, ‘পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। সেগুলোর সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দায়িত্ব আমাদের ওপরই বর্তেছে ভাষা সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা তৈরি করার। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।’
তিনি বলেন, ‘হাইকোর্টের রায় যদি বাংলায় হতো, সাধারণ মানুষ আরো ভালো বুঝতে পারত। তবে ইংরেজি থেকে বাংলায় রায় রূপান্তর নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। সেগুলো সমাধান করতে হবে।’
আবুআ/

