অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান এবং নেতাকর্মীদের ধাওয়া ও হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় ও এনসিপি সূত্র জানায়, জনস্বার্থ রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির নেতাকর্মীরা ওই এলাকায় পথসভা ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করছিলেন। অনুষ্ঠান চলাকালে ওমর শেখ শান্ত নামের এক ব্যক্তি এসে কর্মসূচিতে অহেতুক হস্তক্ষেপ করেন এবং তা পণ্ড করার চেষ্টা চালান। একপর্যায়ে তিনি সেখানে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন, যার ফলে সেখানে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, “জনগণের স্বাভাবিক অধিকার ও জনস্বার্থমূলক দাবিতে আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পরিচালনা করছিলাম। সেখানে অহেতুক বাধা সৃষ্টি করা এবং হুমকি দেয়া গণতান্ত্রিক সুস্থ রাজনীতির সম্পূর্ণ পরিপন্থি।” তিনি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দাবি জানান।
অভিযুক্ত ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত হলেও তার রাজনৈতিক পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। এনসিপির কর্মসূচিতে তার বিশৃঙ্খলা সৃষ্টির পর থেকেই এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত শান্তর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন দাবি করেছেন, ছাত্রদলের নাম ব্যবহার করলেও ওমর শেখ শান্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলেন এবং এর পর্যাপ্ত প্রমাণ ও আলোকচিত্র রয়েছে। বর্তমানে তিনি বিএনপির একটি ভিন্ন পন্থার সঙ্গে যুক্ত হয়ে সুবিধাবাদী রাজনীতি করছেন।
অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, অভিযুক্ত ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চিনতে পারছেন না। তবে সে হয়তো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতির অনুসারী বা রাজনৈতিক সহযোগী হতে পারে।
আর/

