নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মরণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি।

by Master Fatih

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানিয়েছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহার করবে না। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং বিজিবির হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দায়িত্ব পালন করছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়।
তিনি আরও জানান, ঢাকা সেক্টরের অধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের মোট ৫১টি সংসদীয় আসনে ১৩৪টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।
নির্বাচনে দায়িত্ব পালনের সময় আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি এবং আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে। এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে, যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল এস এম আবুল এহসান বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমাদের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন ব্যবহার করবে না।”

banner

এ জাতীয় আরো সংবাদ