১০ দলীয় জোট থেকে বের হয়নি খেলাফত আন্দোলন

by fateema janna

জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী ১০ দলের নির্বাচনি জোট থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলন বেরিয়ে গেছে—এমন খবরকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে দলটি। খোঁজ নিয়ে জানা গেছে, হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন এখনো জোটে রয়েছে এবং জোট ত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ বিষয়ে খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘জোট ত্যাগের বিষয়ে আমাদের দলীয় কোনো ফোরামে আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আমরা জোটেই আছি।’

বিজ্ঞাপন
banner

খেলাফত আন্দোলন আটটি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় অনেকে বিভ্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেন মাওলানা হামিদী। তিনি বলেন, জোটে আসন সমঝোতার পাশাপাশি কিছু আসন ওপেন রাখা হয়েছে। আলোচনার মাধ্যমে সেসব আসন ওপেন করা হয়েছে বলেই দলটি সেখানে প্রার্থী দিয়েছে।

তিনি আরও জানান, জোটের পক্ষ থেকে যখন ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, তখনই জানানো হয়েছিল খেলাফত আন্দোলন জোটে আছে, তবে তাদের সঙ্গে আসন সমঝোতা হয়নি। সে কারণেই দলটি আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

খেলাফত আন্দোলন যে আটটি আসনে নির্বাচন করছে, সেগুলো হলো—ঢাকা-৭, ঢাকা-১৬, নারায়ণগঞ্জ-৩, শরীয়তপুর-২, নেত্রকোনা-২, ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলো ইসলামী ভোট একত্রিত করার লক্ষ্যে ঐক্য গড়ে তোলে। একপর্যায়ে জামায়াতে ইসলামীসহ ১১টি দল একত্রিত হলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য থেকে বেরিয়ে যায়।

banner

এ জাতীয় আরো সংবাদ