পাকিস্তানের প্রখ্যাত আলেম, ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া লাহোরের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা ফজলুর রহিম আশরাফী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা ফজলুর রহিম আশরাফী পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জামিয়া আশরাফিয়ার শাইখুল হাদিস ও সাবেক মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে তার অসংখ্য ছাত্র ও অনুসারী রয়েছেন।
তার জানাজা নামাজ আজ যোহরের নামাজের পর লাহোরের জামিয়া আশরাফিয়ায় আদায় করা হয়। জানাজায় উলামায়ে কেরাম, মন্ত্রী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা ফজলুর রহিম আশরাফীর ইন্তেকালে বিশ্বখ্যাত পাকিস্তানি আলেম মুফতি মুহাম্মদ তাকি উসামানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ, সাবেক ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিক, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মাওলানা ফজলুর রহিম আশরাফী ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট মুহাদ্দিস এবং দ্বীনি শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখা এক মহীরুহ। তিনি তার সমগ্র জীবন কুরআন ও সুন্নাহর শিক্ষা প্রচার, দ্বীনি মূল্যবোধের বিকাশ এবং নৈতিক প্রশিক্ষণে উৎসর্গ করেছিলেন, যার মাধ্যমে অগণিত ছাত্র ও আলেম উপকৃত হয়েছেন।
সূত্র: জিও নিউজ।
আবুআ/

