ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চল। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। এতে দিন-রাত সব সময়ই অনুভূত হচ্ছে তীব্র শীত। দেশের সাত জেলার ওপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রবিবার (৪ জুানয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে। ফলে রবিবার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তবে সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সোমবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার সামগ্রিকভাবে সারা দেশে পরিস্থিতির তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিলস্না, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মুদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীকালও তা অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এনএএস/

