‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’: বাস্তব ঘটনার প্রেক্ষাপটে হৃদয়স্পর্শী সিনেমা যুক্তরাজ্যে

by NUR ALAM

ফিলিস্তিনি চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। গাজায় চালানো ইসরায়েলি বর্বরতায় নিহত পাঁচ বছরের শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক ঘটনা অবলম্বনে নির্মিত। আলোচিত সেই হৃদয়স্পর্শী সিনেমা মুক্তি পাচ্ছে যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে।

২০২৪ সালের জানুয়ারি, গাজায় হামলার সময় পরিবারের সঙ্গে প্রাণে বাঁচাতে হামলার মুখে পড়ে ছোট্ট হিন্দ রাজাব। তার সঙ্গে ছিলেন পরিবারের ছয় সদস্য। হামলার পর আহত অবস্থায় হিন্দ ফোনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি সেবায় বারবার সাহায্যের জন্য যোগাযোগ করে। সেই ফোনালাপের অডিও প্রকাশ্যে এলে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বয়ে যায়।

বিজ্ঞাপন
banner

দ্য ভয়েস অব হিন্দ রাজাব

এ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তিউনিশীয় নির্মাতা কাউথার বেন হানিয়া। ছবিতে ‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। অস্কারের দৌড়ে থাকা এই সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্স।

ছবিতে বাস্তব হিন্দ রাজাবের কণ্ঠের সঙ্গে অভিনয় মিলিয়ে তার সাহায্যের আকুতিকে তুলে ধরা হয়েছে। কাহিনির বড় অংশ জুড়ে রয়েছে ওয়েস্ট ব্যাংকে অবস্থিত রেড ক্রিসেন্টের কল সেন্টারের ভেতরের দৃশ্য।

শিশু ‍হিন্দ রাজাব

৯০ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে, ‘রাজাবকে বাঁচাতে শেষ পর্যন্তও আশা ছাড়েনি কেউ। অ্যাম্বুলেন্স পাঠানো নিয়ে নিয়ম-কানুন থেকে শুরু করে ঝুঁকি নিয়ে নানা বিতর্ক দেখানো হয়। গল্প এগোতে এগোতে দিন গড়িয়ে সন্ধ্যা নামে আর শিশুকণ্ঠে শোনা যায়, ‘আমাকে ছেড়ে যাবেন না, আমি অন্ধকারে ভয় পাই।’

বাস্তব ঘটনার ভিত্তিতে, উদ্ধার কর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ফোনে হিন্দকে লাইনে রাখেন। সন্ধ্যা ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের কাছে পৌঁছায়। স্বেচ্ছাসেবী কর্মীরা জানান, তারা জরুরি বাতি জ্বালিয়ে এগোচ্ছেন, তবে সাইরেন বাজানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই ভারী গুলির শব্দ শোনা যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দুই স্বেচ্ছাসেবী নিহত হন। হামলার ১২ দিন পর গাড়ি ও অ্যাম্বুলেন্স থেকে মোট নয়টি মরদেহ উদ্ধার করা হয়।

গত বছর ‘ভেনিস চলচ্চিত্র উৎসবে’ ২৩ মিনিটের রেকর্ড ‘স্ট্যান্ডিং ওভেশন’ এবং গ্র্যান্ড জুরি প্রাইজ জিতে আলোচনার কেন্দ্রে আসে এই ছবিটি।

‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ আগামী ১৬ জানুয়ারি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ