নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসেবে বহাল থাকার কারণে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত ঋণখেলাপি থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারক রেজাউল হকের চেম্বারে এ বিষয়ে তার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। তবে বিচারক আজ কোনো সিদ্ধান্ত জানাননি।
আদালত পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৯ ডিসেম্বর দিন ধার্য করেন। এ কারণে আজ (রোববার) মনোনয়ন দাখিলের আগের দিনও ঋণখেলাপি হিসেবে বহাল থাকলেন মান্না। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকল না তার।
উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম প্রত্যাহার ও সিআইবি স্থগিত চেয়ে মাহমুদুর রহমান মান্না হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। শুনানি শেষে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। পরে তিনি চেম্বার জজ আদালতে আপিল করেন। আজকের শুনানিতে বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসাইন।
আবুআ/

