ইসরায়েলের হামলা থামাতে বিশ্বনেতাদের প্রতি জামায়াতের কড়া আহ্বান

লেবাননে নিহত তিন বাংলাদেশিকে ঘিরে গভীর উদ্বেগ, দ্রুত লাশ দেশে আনার আহ্বান

by ABDUR RAHMAN
বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

লেবাননে চলমান ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সাম্প্রতিক হামলায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যুদ্ধ ও সহিংসতা মানবজাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। বরং এটি ধ্বংস, উদ্বাস্তুতা ও নিরীহ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

তিনি জানান, সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হয়েছেন। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম প্রাণ হারান। এসব ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে এভাবে বাংলাদেশিদের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

জামায়াতের এই নেতা বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবসভ্যতার শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

বর্তমানে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহকে ঘিরে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশটিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ