আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ

হত্যা মামলায় রুল খারিজ হাইকোর্টের; অন্য চার মামলার জামিন আদেশ সোমবার

by ABDUR RAHMAN
আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন
banner

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলায় জামিন প্রশ্নে আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

এর আগে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর গত বৃহস্পতিবার শুনানি শেষ হয়। ওইদিন তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। পরে আদালত আদেশের জন্য রোববার দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে জানায়, আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। এ অবস্থায় চিন্ময় দাসকে জামিন দিলে বিচার কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, জামিন দিলে মামলার কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন।

ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেওয়ার চেষ্টা চালান।

পরে সংঘর্ষ ও উত্তেজনার একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাবন্দি রয়েছেন।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পেলেও পরে তাকে নতুন করে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ