পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে প্রভাব ফেলতে পারে: নাহিদ ইসলাম

পশ্চিমবঙ্গের মুসলমান ও সংখ্যালঘুদের নির্যাতন ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান

by ABDUR RAHMAN
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে নাহিদ ইসলামের বক্তব্য

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন এবং ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব বাতিল করা হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, এসব মানুষের বড় একটি অংশ মুসলিম ও মতুয়া সম্প্রদায়ের।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের ঘটনা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে সাম্প্রদায়িক উসকানি ও প্রোপাগান্ডা ছড়ানোর ঝুঁকি রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তার মতে, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-বিরোধী বা রাষ্ট্রবিরোধী গোষ্ঠী ভবিষ্যতে বিভ্রান্তিকর প্রচারণা ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দলে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে যোগ্যতা অনুযায়ী একসঙ্গে কাজ করতে হবে, কারণ ঐক্যই দলের সবচেয়ে বড় শক্তি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ