আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক ঘটনার বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি হামলার তীব্র নিন্দা জানান শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
তিনি বলেন, দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের সুরক্ষায় সংযুক্ত আরব আমিরাত যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতি কাতারের পূর্ণ সংহতি ও সমর্থন রয়েছে।
এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন দুই নেতা।
সূত্র: গালফ নিউজ

