সীমান্তঘেঁষা ফুলগাজীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনীর কামাল্লা গ্রামে পড়ে থাকা লাশ শনাক্তে কাজ করছে পুলিশ ও পিবিআই

by ABDUR RAHMAN
সীমান্তঘেঁষা ফুলগাজীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুন্সীরহাট ইউনিয়নের ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, স্থানীয়রা প্রথমে কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি ফুলগাজী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং পরে মরদেহ থানায় নেওয়া হয়।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তের জন্য পিবিআইকে যুক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেজে মিলিয়ে দেখা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে হলেও বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এদিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানানো হয়েছে। পাশাপাশি মরদেহের ছবিও তাদের কাছে পাঠানো হয়েছে।

পিবিআইয়ের তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ