সীমান্তে হত্যা বন্ধে দিল্লিকে কড়া বার্তা, আর রক্ত দেখতে চায় না বাংলাদেশ

by ABDUR RAHMAN

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে যেন আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা না ঘটে—সে বিষয়টি বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও নিরাপত্তাসহ নানা বিষয়ে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।”

বিজ্ঞাপন
banner

গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে বিভিন্ন সময়ে হামলার ঘটনায় ভিসা কার্যক্রম ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে তারা পূর্ণাঙ্গ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে তারা আমাদের আশ্বাস দিয়েছে, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।”

ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সব ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশা করি।”

দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ধারাবাহিক সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ধারাবাহিক আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব।”

সীমান্ত হত্যার প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সীমান্ত হত্যার বিষয়টি তুলেছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার কথা আর শুনতে না হয়। আমরা চাই বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হোক, যাতে এ ধরনের ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ