নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর পক্ষে ভোট প্রার্থনা করবেন মামুনুল হক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সড়ক পথে আজ দুপুর আনুমানিক ২টার দিকে নগরকান্দা উপজেলায় পৌঁছাবেন।
এর আগে দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা ঈদগাহ মসজিদ চত্বরে একটি পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নগরকান্দার সভাটি অনুষ্ঠিত হবে উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম.এন. একাডেমি) মাঠে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা আমীর সোহরাব হোসেন জানান, এটি একটি শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা হিসেবে আয়োজন করা হয়েছে। সভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম মাঠে দায়িত্ব পালন করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, সভাকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

