ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মাওলানা মামুনুল হক

রমজানের শিক্ষা বাস্তবায়নের আহ্বান; ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সংকট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ

by Master Fatih

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ
১৮ মার্চ, বুধবার এক যৌথ বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তবে দুঃখজনকভাবে বিশ্ব আজ অশান্তি, সংঘাত ও অন্যায়ের ভারে বিপর্যস্ত।
তারা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে বিশেষত ফিলিস্তিন ও ইরানে চলমান দখলদার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নিরীহ নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত ও আহত হচ্ছে এবং বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। একইভাবে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ ও উত্তেজনা মুসলিম বিশ্বকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মুসলমানদের ঈদ উদযাপন বেদনাবিধুর হয়ে উঠেছে। প্রবাসে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশিও উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে ঈদ পালন করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ক্রমেই জটিল ও অস্থির হয়ে উঠছে। জুলাই সনদ ও গণভোটের রায়কে কেন্দ্র করে শাসকগোষ্ঠীর যেকোনো একতরফা বা হঠকারী সিদ্ধান্ত জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে এবং রাজনৈতিক সংকট আরও গভীর করে তুলতে পারে।
নেতৃদ্বয় বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিবৃতির শেষাংশে পবিত্র রমজানের এই সময়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়—তিনি যেন মুসলিম উম্মাহকে সকল সংকট থেকে মুক্তি দেন, নিপীড়িত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করেন এবং বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ