পায়ে শক্তি না থাকায় হুইলচেয়ারে করে ওমরাহ পালন করতে গিয়েছিলেন বাবা, কিন্তু ওমরাহ শেষে বাড়ি ফিরে এসেছেন পায়ের ওপর ভর করে হেঁটে হেঁটে- এমন অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করলেন পাকিস্তানি অভিনেতা হারিস ওয়াহিদ।
পাকিস্তানি অভিনেতা হারিস ওয়াহিদ ওমরাহ পালনের সময় তার বাবার সঙ্গে ঘটে যাওয়া এক হৃদয়স্পর্শী ও অলৌকিক ঘটনার কথা প্রকাশ করেছেন।
সম্প্রতি তিনি তার বাবার সঙ্গে পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করেন। এ সফরেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা, যা তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, হারিস ওয়াহিদের বাবা হুইলচেয়ারে বসে আছেন। ভিডিওর ক্যাপশনে অভিনেতা জানান, তার বাবা ওমরাহ পালনের জন্য হুইলচেয়ারে করে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি নিজের পায়ে হেঁটে দেশে ফিরে এসেছেন।
হারিস ওয়াহিদ আরও লেখেন, এই দৃশ্য দেখে তার চোখে অশ্রু চলে এসেছে। তিনি বলেন, ‘এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। আমি আমার বাবার জন্য ভীষণভাবে আনন্দিত।’
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা হারিস ওয়াহিদ ও তার বাবাকে ওমরাহ পালনের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর বাবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।
সূত্র: জিও নিউজ।
আবুআ/

