অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে আটকা পড়ে আশরাফ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত আশরাফ আলী আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। জীবন ও সম্পদ রক্ষায় পরিবারের সদস্যরা দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে তাড়াহুড়োর মধ্যে আশরাফ আলী ঘরের ভেতরেই থেকে যান।
এরপর ধীরে ধীরে বন্যার পানি বাড়তে থাকলে তিনি আর ঘর থেকে বের হতে পারেননি। পানির মধ্যে আটকা পড়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদও জানান, বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজারের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় প্রশাসন বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।
আর/

