আফগানিস্তানের জন্য নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত জামির কাবুলভ বলেছেন, মধ্য এশিয়ায় নিরাপত্তা বজায় রাখতে মস্কো তালেবানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি আঞ্চলিক নিরাপত্তায় তালেবানের অবদানের প্রশংসা করে বলেন, গোষ্ঠীটি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাবুলভ বলেন, আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা সহযোগিতা কখনোই বন্ধ হয়নি।
মধ্য এশিয়ায় নিরাপত্তা রক্ষায় তালেবানের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে কাবুলভ বলেন, মস্কো এ ক্ষেত্রে তাদের প্রচেষ্টা কখনো স্থগিত করেনি এবং নিজেদের দায়িত্ব পালনের জন্য তালেবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, তালেবান ইসলামিক স্টেট (আইএসআইএস)-কে দমন করছে, যা রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কাবুলভ আরও জানান, তালেবান কর্তৃপক্ষ নিজ খরচেই এসব অভিযান পরিচালনা করছে।
গত ১২ নভেম্বর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের কাবুল সফরের পর কাবুলভের এই মন্তব্য সামনে এল।
ওই সফরের সময় ওভারচুক তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, রুশ কোম্পানিগুলো আফগানিস্তানে শস্য, আটা, ওষুধ এবং সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য একটি বড় চুক্তির প্যাকেজ স্বাক্ষর করেছে।
রাশিয়া ও তালেবানের মধ্যে অপ্রকাশিত নিরাপত্তা সহযোগিতা সম্ভাব্য সম্প্রসারণের বিষয়েও গুঞ্জন রয়েছে। তবে এ ধরনের কোনো সম্প্রসারণ নিয়ে উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
কাবুলভ আরও জানান, অদূর ভবিষ্যতে তালেবানের প্রতিনিধি দল রাশিয়া সফর করতে পারে। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের কাবুল সফর আফগানিস্তানে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
তালেবানের প্রতিনিধি দলগুলোর রাশিয়া সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কাবুলভ বলেন, এ ধরনের সফর সম্পূর্ণভাবে সম্ভব, তবে তা উভয় পক্ষের প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করবে।
তিনি ব্যাখ্যা করেন, সম্ভাব্য এসব সফরের লক্ষ্য হবে বিভিন্ন অর্থনৈতিক খাতে নির্দিষ্ট চুক্তি ও সমঝোতা নিশ্চিত করা।
রুশ দূত যোগ করেন, উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের কাবুল সফর নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা আফগানিস্তানে যথেষ্ট উৎসাহ ও আশাবাদ তৈরি করেছে।
কাবুল সফরের সময় ওভারচুক তালেবানের প্রধানমন্ত্রী, অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

