‘মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষায়’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলন’ চলছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি, হাবিবুর রহমান কায়সার লিংকন এমপি, নজরুল ইসলাম আজাদ এমপি এবং মাওলানা মাসরুর আহমদ।
ইতোমধ্যে বয়ান করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী, ঢাকা মহানগরীরর হেফাজত নেতা মাওলানা ইমরানুল বারী সিরাজী প্রমুখ আলেমগণ।
সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলনে দেশের বরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও অতিথিরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বয়ান পেশ করছেন। স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনকে কেন্দ্র করে আড়াইহাজার এলাকায় উৎসবমুখর ধর্মীয় আবহ তৈরি হয়েছে।

