দেশের চামড়া ও পাদুকা (ফুটওয়্যার) শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর (ট্রেড বডি) মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক এই জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের সংকট নিরসনে ‘১৩ দফা কৌশলগত প্রস্তাবনা’ ঘোষণা করা হয়।
এলএফবি’র ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা
১. স্বতন্ত্র মন্ত্রণালয় বা লেদার বোর্ড: একক অভিভাবকত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয়’ অথবা বিধিবদ্ধ ‘লেদার বোর্ড’ গঠন।
২. বিশেষ ব্যাংকিং নীতি ও বিশেষ তহবিল: ক্ষতিগ্রস্ত, বন্ধ বা দেউলিয়া প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এবং স্বল্পবয়সী উদ্যোক্তাদের সহজ শর্তে ও সরল মার্জিনে দীর্ঘমেয়াদে শিল্প রক্ষায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা।
৩. স্থানীয় উদ্যোক্তা ও শিপারদের আর্থিক সুবিধা: ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী, স্থানীয় পাদুকা প্রস্তুতকারক ও শিপারদের সহজ শর্তে ঋণ এবং পোশাক খাতের সমপরিমাণ রপ্তানি প্রণোদনা প্রদান।
৪. বৈশ্বিক মানদণ্ড ও সিইটিপি আধুনিকায়ন: এলডব্লিউজি (LWG) সনদ অর্জনে সাভার সিইটিপি সম্পূর্ণ ঢেলে সাজানো এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন আরও ২টি সিইটিপি নির্মাণ।
৫. লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক: পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে দেশে ন্যূনতম ১ থেকে ২টি সুনির্দিষ্ট ‘লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ বরাদ্দ।
৬. নতুন চামড়া শিল্প অঞ্চল ও বিদেশি বিনিয়োগ: দেশে আরও ৪–৫টি নতুন চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা, আরএমজি খাতের আদলে বিদেশি বিনিয়োগে পৃথক বা কম্পোজিট লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রি স্থাপন এবং কোরবানির ঈদে কাঁচা চামড়া সংরক্ষণে আধুনিক ২০টিরও অধিক ‘চামড়া সংরক্ষণ হাব’ স্থাপন।
৭. ঈদুল আজহায় কাঁচা চামড়া সংরক্ষণে ঋণ ও ন্যায্যমূল্য: মাঠপর্যায়ে কাঁচা চামড়া বেপারি, আড়তদার ও শিপারদের স্বল্পমেয়াদি ঋণ প্রদান এবং দেশের সব মাদ্রাসা, এতিমখানা ও প্রতিষ্ঠানসমূহকে সরকারি উদ্যোগে প্রশিক্ষণসহ ঈদপূর্ব সরকারি মূল্য নির্ধারণী সভায় অংশগ্রহণ নিশ্চিত করা।
৮. এসএমই রপ্তানিকারকদের জন্য কেমিক্যাল ও এক্সপোর্ট সমতা: বড় ট্যানারির মতো এসএমই চামড়া প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারকদের সমপরিমাণ শুল্কমুক্ত কেমিক্যাল আমদানি ও রপ্তানি সুবিধা প্রদান।
৯. কেমিক্যাল আমদানি সহজীকরণ ও কেমিক্যাল জোন: রাসায়নিক আমদানি দ্রুত ও সহজ করা এবং দেশে স্বল্প মূল্যে কেমিক্যাল উৎপাদনে আলাদা ‘কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপন।
১০. পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় ও আধুনিক ল্যাব: হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ ও আধুনিক গবেষণার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ‘লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার’ প্রতিষ্ঠা।
১১. কাঁচা চামড়া সংরক্ষণে হিমাগার স্থাপন: সারা দেশে (ঢাকা ব্যতীত) কাঁচা ও লবণ মাখানো চামড়া দীর্ঘ সময় সংরক্ষণের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে কমপক্ষে ১০–১৫টি কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন।
১২. দেশীয় বাজারে চামড়ার ব্যবহার বৃদ্ধি ও বাধ্যতামূলক করা: ক্ষতিকর কৃত্রিম ও রেক্সিন পণ্যের আমদানি নিরুৎসাহিত করা, আমদানিকৃত রেডিমেড জুতা-স্যান্ডেলের ওপর শুল্ক বৃদ্ধি এবং সরকারি সব বাহিনীতে (সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসার) দাপ্তরিক ও আনুষ্ঠানিক প্রয়োজনে খাঁটি দেশীয় চামড়া ও পাটজাত পণ্যের (জুতা, বেল্ট ও আনুষঙ্গিক সামগ্রী) ব্যবহার বাধ্যতামূলক করা।
১৩. আন্তর্জাতিক বিপণন ও বাণিজ্যের বাধা দূরীকরণ: বিদেশে সরকারি উদ্যোগে আন্তর্জাতিক মেলা-ফেস্টিভ্যালের মাধ্যমে বাজার সম্প্রসারণ এবং সনদ ও নীতিগত বাধা (যেমন: বিআইএস) দূর করতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ।
এ ছাড়া বিশেষ অগ্রাধিকার হিসেবে সারা বছর কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখতে গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিতকরণ, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ নিষিদ্ধ করা এবং দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি ডাক্তার নিয়োগের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, “চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়ত না। যাঁরা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ এবং আমদানি-রপ্তানিতে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, শিল্পের সব খাত, ট্রেড বডি, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করে যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ বলেন, নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবল ও আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারের কাঙ্ক্ষিত হিস্যা মিলছে না। এই শূন্যতা পূরণে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কাজ করবে। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’-তে রূপান্তর এবং শ্রমিক সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর ঘোষণা দেওয়া হয়।
সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও ব্যবসাবান্ধব নীতিমালার ওপর জোর দেন। সহসভাপতি মাওলানা মাহবুবুল হক কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোরবানির চামড়া সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণ দিতে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএলইটির অধ্যাপক ড. সবুর আহমেদ, লেটস-বি’র প্রেসিডেন্ট মোহাম্মদ অভি, চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সোহেল আহমেদ, স্টেপ ফুটওয়্যারের সিইও শামিম আমিনুল, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরিফুল্লাহ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির উপদেষ্টা হাজি গোলাম কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সহসাধারণ সম্পাদক জিয়া, গ্যাংচিও ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ, দৈনিক সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমানসহ এলএফবির সহসভাপতি বেলাল হোসেন, কোষাধ্যক্ষ শাহ সুলতান এবং পরিচালক মাকসুদা খাতুন, এম ফয়সাল মাহফুজ ও শোয়াইব ইবনে মাহফুজ।

