দীনি মাদ্রাসাগুলো যত দিন দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শ অনুযায়ী পরিচালিত হবে, তত দিন সেগুলো দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। সব পরিস্থিতিতে আকাবিরদের (পূর্বসূরি মনীষী) দেখানো পথ আঁকড়ে ধরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস (পাঠ) পেশ করার সময় তিনি এসব কথা বলেন। সোমবার (২৩ নভেম্বর) রাত আটটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন।
প্রায় ১৫ বছর পর মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কারণে সফর স্থগিত হওয়ায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ায় উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তব্যের শুরুতে মুফতি তাকি উসমানী বলেন, এ সম্মেলনে সরাসরি উপস্থিত হওয়ার তাঁর অনেক ইচ্ছা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণে তা সম্ভব হয়নি। ভার্চ্যুয়ালি যুক্ত হতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
বক্তব্যে ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরীকে (রহ.) গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুফতি তাকি উসমানী। তিনি বলেন, ছদর সাহেবের (শামছুল হক ফরিদপুরী) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছিল। এ সময় তিনি ছদর সাহেবের ইখলাস, লিল্লাহিয়াত ও দীনের জন্য ত্যাগের কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসব দীনি মাদ্রাসার প্রাণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে মাদ্রাসাগুলো পরিচালিত হলে সেগুলো সফল হবে। যেকোনো পরিস্থিতিতে আকাবিরদের দেখানো পথ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে সোমবার বিকেল চারটায় রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে এ সম্মেলন। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা পর্যায়ক্রমে বক্তব্য দেবেন।
সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, প্রথম দিন এশার নামাজের পর তিন হাজার ফুজালাকে (সমাপনী শিক্ষার্থী) সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি দেওয়া হয়। বাকি দুই দিনে অবশিষ্ট ফুজালাদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ২০ হাজার সাবেক শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

