অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে একটি অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই নতুন ঐক্যপ্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
হেফাজতের তত্ত্বাবধানে গঠিত এই জোটে থাকা দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠক সূত্রে জানা যায়, মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো— বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো অন্যান্য রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত থাকা দলগুলো নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।
এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার জানান, এটি মূলত হেফাজতে ইসলাম ও লিয়াজোঁ কমিটির একটি প্রস্তাব। আগামী স্থানীয় নির্বাচনে এই সাত দল ঐক্যবদ্ধভাবে অংশ নিলে তারা তাতে যুক্ত হতে আগ্রহী। পাশাপাশি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান ১১ দলীয় জোটের আন্দোলনেও তারা যৌক্তিক পরিণতি পর্যন্ত সক্রিয় থাকবেন। জোট ত্যাগের বিষয়টি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয় বরং পরিস্থিতি সাপেক্ষে ধাপে ধাপে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম, তবে সংগঠনের নিজস্ব নির্দলীয় চরিত্র অব্যাহত থাকবে।’
সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে অংশ নিলেও প্রতীকবিহীন আসন্ন স্থানীয় নির্বাচনে প্রধান দলগুলো একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন এই সমীকরণ তৈরি হলো। আগামী ৫ ডিসেম্বর বৈঠকে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক নীতিমালা গ্রহণ করা হবে।

