নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
নেপালের জাতীয় সভার সদস্য ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মাওলানা মোহাম্মাদ খালেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমীর আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) কাঠমান্ডুতে জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মুসলিম জনগোষ্ঠীর সার্বিক অবস্থা, ধর্মীয় শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার নানা দিক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
আলোচনাকালে আল্লামা মামুনুল হক বলেন, “নেপালে ইসলামী শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। যে কয়েকটি মাদ্রাসা রয়েছে, সেগুলোও সর্বোচ্চ উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত। ফলে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এই বাস্তবতা বিবেচনা করে জমিয়তে উলামায়ে নেপাল ‘দারুল উলুম নেপাল’ নামে একটি উচ্চতর প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও বলেন, “নেপালের প্রায় ২০ লাখ মুসলিমের কল্যাণে ও ধর্মীয় শিক্ষার প্রসারে এই জামিয়া প্রতিষ্ঠায় বিশ্ব মুসলিম উম্মাহর সর্বাত্মকভাবে এগিয়ে আসা উচিত। বিশেষ করে মুসলিম বিশ্বের সামর্থ্যবান ব্যক্তি, দ্বীনি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।”
সাক্ষাৎকালে আল্লামা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং মাদরাসাতুর রহমানের ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীশ আক্তারুজ্জামান।
বৈঠক শেষে উভয় পক্ষ নেপাল ও বাংলাদেশের আলেমসমাজ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

