আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।
এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকর অনুসন্ধানের স্বার্থে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এদিকে ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে আটক রয়েছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের একটি কারাগারে আটক আছেন।
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময়ে তার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগের অনুসন্ধানও চালাচ্ছে দুদক।

