নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়, পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ অথবা শব্দ কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, এ ঘটনায় কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন। শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

