আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। এই সংখ্যা চলতি বছর কানাডা থেকে বহিষ্কৃত যেকোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)-এর তথ্য বলছে, ২০২৫ সালের পুরো বছরে ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছিল। অর্থাৎ ২০২৬ সালের মাত্র ছয় মাসেই গত বছরের মোট সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর আগের কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
২০২৬ সালের প্রথমার্ধে বহিষ্কারের তালিকায় ভারতীয়দের পরেই রয়েছে মেক্সিকোর নাগরিকরা। এ সময়ে মেক্সিকোর ১ হাজার ৫৭৩ জন নাগরিককে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। এরপর রয়েছে হাইতি, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও রোমানিয়ার নাগরিকরা।
গত কয়েক বছরেও কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। CBSA-এর হিসাবে, ২০২১ সালে ৬০৩ জন, ২০২২ সালে ৭৮৬ জন, ২০২৩ সালে ১ হাজার ১৩২ জন এবং ২০২৪ সালে ২ হাজার ৪ জন ভারতীয়কে অপসারণ করা হয়। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭৯-এ দাঁড়ায়।
কানাডা বর্তমানে দেশটির অভিবাসন ব্যবস্থায় কঠোরতা বাড়ানোর পাশাপাশি অস্থায়ী বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী বিদেশি কর্মীসহ বিভিন্ন শ্রেণির অস্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের মধ্যেই বহিষ্কারের সংখ্যা বাড়ছে।
সাধারণত অভিবাসন-সংক্রান্ত নিয়ম না মানা, শরণার্থী বা আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কানাডায় অবস্থান এবং মিথ্যা তথ্য বা ভুল তথ্য দেওয়ার মতো কারণে কাউকে অপসারণের আওতায় আনা হতে পারে। তবে নির্দিষ্ট দেশভিত্তিক বহিষ্কারের কারণ আলাদাভাবে প্রকাশ করা হয়নি।
শুধু বহিষ্কার নয়, কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় থাকা ভারতীয় নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য। CBSA-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘রিমুভাল ইন প্রগ্রেস ইনভেন্টরি’তে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক রয়েছেন। এই তালিকায় ভারতীয়রাই সবচেয়ে বড় গোষ্ঠী।
কানাডায় অপসারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিমুভাল অর্ডার রয়েছে। এর মধ্যে ‘ডিপারচার অর্ডার’, ‘এক্সক্লুশন অর্ডার’ ও ‘ডিপোর্টেশন অর্ডার’ উল্লেখযোগ্য। নির্দিষ্ট পরিস্থিতিতে এসব আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে কানাডা ছাড়তে হয় এবং কিছু ক্ষেত্রে ভবিষ্যতে কানাডায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
CBSA-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা মোট ১০ হাজার ৬০৭ জনকে অপসারণ করেছে। এর মধ্যে ভারতীয় নাগরিক ৩ হাজার ৩২৩ জন। একই সময়ে বাংলাদেশের ২২৭ জন এবং পাকিস্তানের ২০৭ জন নাগরিককেও কানাডা থেকে অপসারণ করা হয়েছে।
ফলে বছরের বাকি ছয় মাসে বহিষ্কারের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, তা এখন নজর রাখার বিষয়। প্রথম ছয় মাসের প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালেই কানাডা থেকে ভারতীয় নাগরিক বহিষ্কারের নতুন রেকর্ড তৈরি হতে পারে।
আর/

