নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন। সর্বশেষ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের দুর্গম এলাকায় শতাধিক অসহায় ও বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের তত্ত্বাবধানে পরিচালিত এই মানবিক কার্যক্রমের আওতায় দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, স্যালাইন, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের প্রতিনিধিদের সহযোগিতায় সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যেই বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।
তাগলীবে দ্বীন ফাউন্ডেশন জানায়, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে।

