আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
প্রায় ২ হাজার যাত্রী বহনকারী এলজিবিটিকিউ+ ক্রুজ জাহাজ ‘স্কারলেট লেডি’-কে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে ভিড়তে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এর কয়েক দিন আগে একই জাহাজকে তুরস্কের বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
মিশরীয় কর্তৃপক্ষ জাহাজটিকে প্রবেশে বাধা দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে যাত্রীরা বৃহস্পতিবার সকালে তাদের কেবিনের দরজার নিচে দেওয়া একটি চিঠির মাধ্যমে জানতে পারেন যে, জাহাজটি আর পরিকল্পনা অনুযায়ী আলেকজান্দ্রিয়ায় থামবে না।
চিঠিতে জানানো হয়, মিশরের জলসীমায় প্রবেশের অনুমতি না পাওয়ায় ক্রু সদস্যরা বিকল্প বন্দরের সন্ধান শুরু করেছেন।
জাহাজটির ভ্রমণের আয়োজন করেছিল এলজিবিটিকিউ+ পর্যটন প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল জানান, মিশরের সিদ্ধান্ত তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। কারণ এর আগে একই ধরনের ভ্রমণসূচি সফলভাবে পরিচালিত হয়েছিল এবং তখন কোনো সমস্যা হয়নি।
ক্যাম্পবেল বলেন, আলেকজান্দ্রিয়ায় যাত্রাবিরতি নিশ্চিত করতে অ্যাটলান্টিস ইভেন্টস এবং ভার্জিন ভয়েজেস সর্বোচ্চ চেষ্টা করেছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় তারা হতাশ।
‘স্কারলেট লেডি’ জাহাজটি ভার্জিন ভয়েজেস পরিচালিত এবং অ্যাটলান্টিস ইভেন্টস-এর ব্যবস্থাপনায় এথেন্স থেকে ভেনিস পর্যন্ত ১০ দিনের ভূমধ্যসাগরীয় ভ্রমণে ছিল।
এর আগে তুরস্কও জাহাজটিকে ইস্তাম্বুল ও কুসাদাসি বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি। দেশটির কর্তৃপক্ষ “নৈতিক মূল্যবোধ” ও “জনসাধারণের উদ্বেগের” বিষয় উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়।
তুর্কি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছিল, যাদের কার্যক্রম দেশটির সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এই পদক্ষেপকে দেশটির এলজিবিটিকিউ+ অধিকার নিয়ে কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও দেশটিতে সমকামিতা আইনত নিষিদ্ধ নয়, তবে কয়েক বছর ধরে প্রাইড মার্চসহ বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।
মিশরেও এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের বিষয়ে কঠোর সামাজিক ও আইনি অবস্থান রয়েছে। দেশটিতে সমকামিতা আনুষ্ঠানিকভাবে অপরাধ হিসেবে উল্লেখ না থাকলেও, নৈতিকতা ও জনশৃঙ্খলা সংক্রান্ত আইনের আওতায় গ্রেপ্তার ও বিচারের ঘটনা রয়েছে।
পরপর দুই দেশে বাধার মুখে পড়ার পর জাহাজটির নির্ধারিত ভ্রমণসূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, জাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপের দিকে যাত্রা করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা, এনডিটিভি
আর/

