অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশি নারী পর্যটক জুলেখা খাতুন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। চিকিৎসার প্রয়োজনে কয়েকদিন আগে তিনি কলকাতায় গিয়ে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই হোটেলের ভেতরেই তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও পরে সাহস সঞ্চয় করে নিউ মার্কেট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করে পুলিশ। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে স্থানীয়দের অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র: কলকাতা প্রতিদিন
আর/

